ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের পাল্টা হুমকি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৩০ এএম

ইরানে চলমান অস্থিরতায় মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে দ্রুত, নিষ্পত্তিমূলক এবং ব্যাপক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে ইতিমধ্যে অন্তত ১০ জন নিহত এবং কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার বিরুদ্ধে ইরান কর্র্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে ‘তাদের উদ্ধারে’ ওয়াশিংটন এগিয়ে আসবে। আমরা তৈরি রয়েছি। প্রয়োজনে আমরা যেতেও প্রস্তুত।”

ইরান কর্র্তৃপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নিতে পারে তা খোলাসা করে বলেননি ট্রাম্প। তবে গত বছর জুনে ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা চলেছিল। এর জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর গত শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই ‘ভীতি প্রদর্শনমূলক বক্তব্যের’ নিন্দা জানায় এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অঞ্চলে উত্তেজনা বাড়ানোর’ অভিযোগ তোলে। বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত, নিষ্পত্তিমূলক এবং ব্যাপক।’

তার আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঊর্ধ্বতন উপদেষ্টা আলি লারিজানিবলেন, ‘ট্রাম্প ইরানে হস্তক্ষেপ করলে তার সতর্ক থাকা উচিত। কারণ, তাতে মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের যেকোনো হস্তক্ষেপ এ অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ধ্বংস হবে।’

ইরানে সপ্তাহখানেক আগে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি অশান্ত। গত রবিবার থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর এসেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘ইরানি জনগণের সাহস অনস্বীকার্য।’ দমনের মুখেও বিক্ষোভকারীদের দৃঢ় সংকল্পের প্রশংসাও করেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত