দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ এএম

টাঙ্গাইলের সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী এক মায়ের কোল থেকে চুরি হওয়া আট মাস বয়সী শিশুকে ৭ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সখীপুর পৌরসভার গণশৌচাগারের সামনে এ চুরির ঘটনা ঘটে। দৃষ্টিপ্রতিবন্ধী নারী নূর জাহানের কোল থেকে তার শিশুপুত্র নূর মোহাম্মদকে কৌশলে ছিনিয়ে নিয়ে যান এক নারী। মুহূর্তেই সন্তান হারিয়ে নূর জাহান কান্নায় ভেঙে পড়েন এবং আশপাশে ছুটে বেরিয়ে সন্তানের খোঁজ করতে থাকেন। শিশুটির মায়ের কান্নার ভিডিও ও সিসিটিভি ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে।

ফুটেজে দেখা যায়, কালো বোরকা ও সাদা ওড়না পরা আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক নারী শিশুটিকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তদন্তের সূত্র ধরে পুলিশ রাত ২টার দিকে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুটিকে চুরির অভিযোগে স্বপ্না আক্তার নামের এক নারীকে আটক করা হয়।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নূর জাহান ও তার স্বামী দুজনই দৃষ্টিপ্রতিবন্ধী। তাদের বাড়ি সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাদোয়াচালা গ্রামে। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সখীপুর শহরে ভিক্ষা করে জীবন চালিয়ে আসছেন।

সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তায় দ্রুত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত