বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং সাংবাদিক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক আমলা এ বি এম আব্দুস সাত্তার এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা আজ থেকে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
কল্যাণ রাষ্ট্রের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন শিবলী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব নিযুক্ত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সালেহ শিবলী বলেছেন, ‘মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি প্রথমেই কথাটা এভাবে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ সবাইকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন এই ধরনের একটি দেশ গঠনের জন্য রাষ্ট্র, সরকার, সমাজ গঠনের জন্য জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।’
সালেহ শিবলী বলেন, ‘একটা জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্বশর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদমাধ্যম গণমাধ্যম। আমরা আশা করি যে, আমরা যদি বাংলাদেশটাকে একটা কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নিতে চাই জনগণের আশা-ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি গন্তব্য নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদমাধ্যম দরকার। আমরা সেজন্য কাজটা করব দল থেকে। আমি মনে করি আমার যে নতুন দায়িত্ব দলের পক্ষ থেকে, দলের হয়ে জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যেভাবে যোগাযোগটা রক্ষা করা দরকার, আমি সে কাজটাই সুন্দরভাবে করতে চাই এবং এজন্য সবার সহযোগিতা দরকার।’
এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
