পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে। অনেক বছর পর একটা প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। তবে পরাজিত শক্তি নির্বাচনে কিছু বাধার সৃষ্টি করতে পারে। সেটাকে সবাই মিলে মোকাবিলা করতে হবে। গতকাল শনিবার সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এবার মানুষ যাতে জেনেবুঝে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এবারের ভোট হচ্ছে। গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে আমরা নির্বাচনের আয়োজন করছি। তাই পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং উৎসবমুখর নির্বাচন করতে পারব।
পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেটের বেসরকারি লিডিং ইউনির্ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠাানে যোগ দেন। সেখানে তিনি বলেন, হাদি হত্যার বিচারের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়ে বিচার হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেওয়ার এখন সময়। নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন, যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়।
