মাদুরোর বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হওয়া একটি ফেডারেল অভিযোগপত্রের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের প্রসিকিউটররা মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন পাচার ও অস্ত্রসংক্রান্ত অপরাধের অভিযোগ এনেছেন। মামলায় সিলিয়া ফ্লোরেস, মাদুরোর ছেলে এবং ভেনেজুয়েলার আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা অভিযুক্ত হিসেবে নামভুক্ত হয়েছেন।
 
অভিযোগপত্রে বলা হয়েছে, গত দুই দশকেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলার শীর্ষ নেতৃত্ব তাদের ক্ষমতার অপব্যবহার করে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারে সহায়তা করেছে। এ কাজে তারা মেক্সিকোর সিনালোয়া কার্টেল, জেতাস, কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র 'ত্রেন দে আরাগুয়া'র মতো আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে কাজ করেছে বলে দাবি করা হয়েছে। 

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার রাজনৈতিক ও সামরিক অভিজাতরা মাদক পাচারকারীদের নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দিয়েছে এবং এর বিনিময়ে নিজেরা বিপুলভাবে লাভবান হয়েছে। অভিযোগে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মাদুরো মাদক পাচারকারীদের কাছে কূটনৈতিক পাসপোর্ট বিক্রি করেন এবং কূটনৈতিক আড়ালে বিমান চলাচলের মাধ্যমে মাদক পাচারের অর্থ স্থানান্তরের ব্যবস্থা করেন।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, মাদুরো ও ফ্লোরেস রাষ্ট্রসমর্থিত অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং যারা তাদের মাদক ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়াত, তাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের নির্দেশ দিতেন।  

ট্রাম্পের নির্দেশে শনিবার (৩ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে মাদুরোকে আটকের পর একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নেওয়ার আগে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম থেকেই  কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত