কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ ডাকযোগে উড়ো চিঠি পাঠিয়েছেন মুমিনুল আলম নামের এক ব্যক্তি। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শাহজাহান চৌধুরী। এদিকে বিষয়টি জানার পর ফোন দিয়ে সাহস না হারিয়ে তাকে পুরোদমে নির্বাচনী মাঠে থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, রবিবার (গতকাল) সকাল ৯টার দিকে ডাকপিয়ন একটি চিঠি বাড়িতে দিয়ে যায়। পরে চিঠি খুলে দেখতে পান, তাকে (শাহজাহান চৌধুরী) নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং সরে না দাঁড়ালে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে কাফনের কাপড়ের একটি টুকরাও পাঠানো হয়। চিঠি প্রেরক মুমিনুল আলম নিজেকে ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার নামের একটি সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করেছেন।
চিঠিতে উল্লেখে করা হয়, ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’
শাহজাহান চৌধুরী জানান, চিঠিটি কক্সবাজার সদর ডাকঘর থেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনি উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তিনি জানান, চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং এতে পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। এ নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত এবং নিরাপত্তহীনতায় ভুগছেন, যা তার জন্য নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনা জানার পর তারেক রহমান তাকে ফোন দিয়ে কথা বলেছেন। সাহস না হারাতে এবং নির্বাচনী মাঠে পুরোদমে কাজ করতে নির্দেশ দিয়েছেন। তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
উখিয়া থানার ওসি নূর আহমদ বলেন, শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়রি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এ ছাড়া ঊর্ধ্বতন মহলকেও জানানো হয়েছে।
