মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ জানায়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভাস্কর্যের পাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তবে এসব অস্ত্র নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
