ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার ও কেমিকেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সাব্বির রহমান নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কালিন্দি ইউনিয়ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির রহমান (২২) পাবনা সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা শ্রমিক সাব্বির রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। তার মরদেহ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়।
ঘটনাস্থলে পরিদর্শন শেষে দুঃখ প্রকাশ করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা
হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা