৩৭ লাখ টাকাসহ আটক

এলজিইডির সেই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ এএম

নাটোরে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা করেছে দুদক।

গতকাল সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এ মামলা করেন। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় গত বছরের ১৪ মার্চ নাটোরে এসব টাকাসহ তিনি আটক হন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দুদক, রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. ছাবিউল ইসলাম বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত রয়েছেন। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালে গত বছরের ১৪ মার্চ নাটোরে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকাসহ আটক হন। জব্দ টাকার উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশে তিনি গাড়িযোগে এসব টাকা অন্যত্র স্থানান্তর করছিলেন। তাকে সহযোগিতা করার জন্য তার গাড়িচালক বাপ্পি কুমার দাসকেও মামলার আসামি করা হয়েছে।

রাজশাহী দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, সোমবার তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত