সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি : জামায়াত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি বলছে, এমন পরিস্থিতিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। গতকাল সোমবার ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিমত ব্যক্ত করেছেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে অভিমত প্রকাশ করা হয়, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ৩০ সহস্রাধিক (আন্দোলনকারী) আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

বৈঠকে সংগঠনের নায়েবে আমিররা ছাড়াও সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত