সরকার দেশীয় কৃষকের স্বার্থ রক্ষায় ভারতীয় পেঁয়াজের নতুন ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়া বন্ধ করেছে। তবে আগে ইস্যুকৃত অনুমতির আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি করা যাবে।
সোমবার (৫ জানুয়ারি) থেকে সংশ্লিষ্ট দপ্তর নতুন করে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি, তবে দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, সোমবার হিলি দিয়ে ১২ ট্রাকে ৩৪৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এটি পুরোনো আইপির অধীনেই হয়েছে। নতুন করে কোনও অনুমতি দেওয়া হচ্ছে না বলেও তিনি নিশ্চিত করেন।
গত ৭ ডিসেম্বর সরকার দেশীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আমদানি অনুমতি দেয়। এরপর থেকে আমদানি বেড়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছিল।
সোমবার সকাল থেকে আমদানিকারকরা নতুন অনুমতির জন্য আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি। আগের অনুমতির মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকলেও নতুন অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
