দুর্দান্ত সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্টিভেন স্মিথের রেকর্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

প্রিয় মঞ্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আবারও আলো ছড়ালেন স্টিভ স্মিথ। অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা স্মিথ খেলেছেন ২২০ বলে ১৩৮ রানের ইনিংস। এটা তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি। ট্রাভিস হেড এবং স্মিথের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। আজ দিনশেষে ইংল্যান্ড এগিয়ে আছে ১১৯ রানে।

দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। পাশাপাশি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে (৫০২৮) ছাড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। বর্তমানে তার সংগ্রহ ৫০৯৪ রান। এই মাইলফলক স্পর্শ করতে স্মিথের লেগেছে ৯০ ম্যাচের ১২২ ইনিংস, যদিও ব্র্যাডম্যান এই কীর্তি গড়েছিলেন মাত্র ৩৭ টেস্টের ৬৩ ইনিংসে।

ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় স্মিথ এখন শীর্ষে। তবে সব প্রতিপক্ষ মিলিয়ে শীর্ষস্থানটি শচীন টেন্ডুলকারের। ভারতের ব্যাটিং কিংবদন্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ হাজার ৭০৭ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৫ হাজার ১০৮ রান করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ হাজার ৫৫১ রান করা বিরাট কোহলি এই তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। এই চারজনের মধ্যে কেবল স্মিথই এখনো টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন।

স্মিথের ইনিংসের ইতি ঘটে জশ টাংয়ের বলে স্লিপে ক্যাচ দিয়ে। অষ্টম উইকেটে অলরাউন্ডার বো ওয়েবস্টারের সঙ্গে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। এরপর মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড বড় প্রতিরোধ গড়তে না পারায় দ্রুতই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেয় ইংল্যান্ড। জবাবে ৬ষ্ঠ টেস্ট খেলতে নামা বেথেলের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। দিনশেষে তারা ৮ উইকেটে ৩০২ রান তুলেছে। বেথেল অপরাজিত ১৪২ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত