মুসাব্বির হত্যা

ঘটনাস্থল থেকে ৭.৬৫ বুলেটের তিনটি খোসা উদ্ধার 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরের শরীরে দুইটি গুলি লাগে। তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের শরীরে লাগে একটি গুলি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, মুসাব্বিরের কনুইতে একটি এবং পেটে একটি গুলি লাগে। আবু সুফিয়ানের পেটে একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ৭.৬৫ বুলেটের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁওয়ের স্টার কাবাবের পেছনে তেজতুরী বাজার এলাকার আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) পলিটিকাল ইনস্টিটিউটের সামনে গুলিবিদ্ধ হন মুসাব্বির এবং আবু সুফিয়ান। পরে তাদের উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিলে সেখানে মুসাব্বির মারা যান। গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই গলি দিয়ে মুসাব্বির ও আবু সুফিয়ান মূল সড়কের দিকে যাচ্ছিলেন। তখন এআইটিভিইটি সেন্টারের সামনে অন্ধকার গলিতে ওৎ পেতে থাকা দুই দুর্বৃত্ত তাদের গুলি করে। পরে দুর্বৃত্তরা মূল সড়কের দিকে দৌঁড়ে পালিয়ে যায় যায়। আহত মুসাব্বির ও আবু সুফিয়ান আহত অবস্থায় আবার গলির ভেতরে ঢুকে কিছুদূর গিয়ে মাটিতে  লুটিয়ে পড়ে।

ডিসি ইবনে মিজান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় আজকে আমরা একটি অভিযোগ পেয়েছি। তার স্ত্রী ৪-৫ জনকে অজ্ঞাতনাম আসামি করে অভিযোগ দিয়েছেন। সেটি আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা সিসি ক্যামেরার ফুটেজে দুইজনকে দেখতে পেয়েছি। তদেরকে সনাক্তের চেষ্টা চালছে। কেন এই হত্যাকান্ডটি হয়েছে সেটিও খুঁজে বের করার চেষ্টা করছি।

ইবনে মিজান আরো বলেন, বেশকিছুদিন ধরে মুসাব্বির তার স্ত্রীকে বলছিলেন তার অনেক শত্রু। তার বড় ক্ষতি হতে পারে। এর বাইরে তিনি আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেননি।

কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকান্ড কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে এই বিষয়ে বলার মতো কিছু পাইনি। তবে এই বিষয়টিও মাথায় রেখে আমরা তদন্ত করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত