৩৪৫ দিন পর সৌম্যর ব্যাটে ঝলমলে ফিফটি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএলে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খালেদ মাহমুদ সুজনের নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে কোচ হিসেবে খালেদ মাহমুদ হেরেই চলছেন একের পর এক ম্যাচ। দলের পারফর্মেন্সের অবস্থা ভয়াবহ। এমন পরিস্থিতিতে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সৌম্য সরকারের ব্যাট থেকে এলো ঝলমলে ফিফটি। ২০ ওভারে নোয়াখালী তুলেছে ৫ উইকেটে ১৫১ রান।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নোয়াখালী। সৌম্য সাধারণত যেভাবে খেলতে অভ্যস্ত, তার কিছুটা আজ দেখা যায় বাইশ গজে। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৯ রানের ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। বাউন্ডারি থেকেই তুলেছেন ৪২ রান। রাজশাহীর স্পিনার হাসান মুরাদের করা ১৭তম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে ধরা পড়েন ইয়াসির আলী রাব্বির হাতে।

টি-টোয়েন্টির বিচারে সৌম্যর স্ট্রাইকরেট নিয়ে বিতর্কের অবকাশ অবশ্যই থাকছে। তিনি ব্যাট করেছেন ১৩৭.২০ স্ট্রাইকরেটে। গত দুই ম্যাচে ৬ এবং ১ রান করা সৌম্যের জন্য রানে ফেরাটাই গুরুত্বপূর্ণ ছিল। বিপিএলে এর আগে সৌম্য সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের ৩০ জানুয়ারি, রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে। সৌম্য ছাড়া মোহাম্মদ নবি ২৬ বলে ৩৫ আর ওপেনার শাহাদাত হোসেন ২৮ বলে ৩০ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত