তারাকান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. তামিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৮নং কামারিয়া ইউনিয়নের গাছতলা এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত তামিম মিয়া কোতোয়ালী থানার রশিদপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। 

পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে নিহত তামিম মিয়ার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এই ঘটনার পর বিক্ষুব্ধ যাত্রী ও স্থানীয় জনগণ ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে রাখেন, যার ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই সবুজ মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত