অস্ত্রোপচার কক্ষে রান্নাঘর-শয়নকক্ষ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষে (অপারেশন থিয়েটার) দুই বছর ধরে রান্নাবান্না চলছে। প্রতিদিন এখানে গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ-নার্স থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন। সম্প্রতি রান্নাবান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সিনিয়র নার্সদের দুজন অপারেশন থিয়েটারের কক্ষে শীতের পিঠা তৈরি করছেন। অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজনদের অবাধ চলাফেরা করতে দেখা যায়।

গত বৃহস্পতিবার এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্ত কমিটিতে রয়েছেন ডা. জামাল হোসেন, ডা. আদনান আহমেদ ও ডা. শোয়েব ইমতিয়াজ।

জানা যায়, দুই বছর ধরে নিয়মিত রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন নার্সিং সুপারভাইজার নূরজাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রতœা বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম। স্বাস্থ্যঝুঁকির এই চরম অব্যবস্থাপনা সম্পর্কে লেবার ওয়ার্ডে কর্মরত চিকিৎসকরা অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বিভিন্ন সময়ে এখান থেকে রান্না করে চিকিৎসকরা ব্যক্তিগত আয়োজনেও খাবার পরিবেশন করে থাকেন।

রাকিব নামে রোগীর এক স্বজন বলেন, ‘আমার বোনের প্রসববেদনা উঠলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে শুনি নার্সরা নাকি অপারেশন থিয়েটারে রান্না করেন। এটা কেমন কথা! তাও দুই বছর ধরে এটা চলছে। এটা ভাবা যায়? শুনেছি সেখানে শয়নকক্ষও রয়েছে।’

অভিযুক্ত নার্সদের সঙ্গে কথা বলতে চাইলে তারা এই প্রতিবেদককে এড়িয়ে যান। একপর্যায়ে ওয়ার্ড ইনচার্জ স্বপ্না এ বিষয়ে আরএমওর সঙ্গে কথা বলতে বলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, ‘ওটির ভেতর রান্নাবান্না এটা অসম্ভব ব্যাপার। ওটির ভেতরে কীভাবে রান্নাবান্না করে? সংক্রমণের অনেক বিষয় আছে এখানে। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।’

হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট (অর্থো সার্জারি) ডা. জামাল উদ্দিন বলেন, ‘সবকিছু মিলিয়ে আমরা একটু ঝামেলার মধ্যে আছি। এটা আমাদের দুর্বলতা, তা আমরা স্বীকার করছি। এ বিষয়টি আমরা অবশ্যই গুরুত্বসহকারে দেখব এবং অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের কয়েকটা দিন সময় দিন। এমন স্পর্শকাতর জায়গায় রান্না করা কিংবা শয়নকক্ষ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এ সময় তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত