লোহাগাড়ায় পাহাড়ি ছড়ার বাঁধ কেটে দিল বন বিভাগ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:১০ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য এলাকাসংলগ্ন কুলপাগলীর ছড়া এলাকার কৃত্রিম বাঁধ কেটে অপসারণ করেছে লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য বন বিভাগ। গতকাল শুক্রবার দুপুরে বন বিভাগ কর্তৃপক্ষ এ বাঁধ কেটে দেয়।

জানা যায়, এলাকার স্থানীয় কিছু ব্যক্তি কুলপাগলীর ছড়া এলাকায় বাঁধ দিয়ে শুকনো মৌসুমে সেচের পানি বিক্রি করার লক্ষ্যে মজুদ করছিলেন। এতে অভয়ারণ্য এলাকায় পানির সংকট ও পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হয়েছিল বলে মনে করে স্থানীয় বন বিভাগ।

এ ব্যাপারে চুনতি অভয়ারণ্য এলাকার বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, বাঁধ দিয়ে পানির স্বাভাবিক গতি রোধ করায় চুনতি অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবারের পানি স্বল্পতাসহ নানা প্রাকৃতিক সমস্যা সৃষ্টি হবে। এতে জীববৈচিত্র্য নষ্ট হবে। তাই এ বাঁধ কেটে দেওয়া হয়েছে।

চুনতি কুলপাগলী এলাকার স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) মো. জাফর বলেন, এলাকার কিছু লোক এ অপকর্মে জড়িত। এভাবে বনের আশপাশের ছড়ায় বাঁধ দিয়ে চাষের জমিতে পানি বিক্রি করার পরিকল্পনা করলে চুনতি অভয়ারণ্যের ভেতরে মারাত্মক পানিসংকট দেখা দেবে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত