নির্বাচনে ফুটবল মার্কায় লড়তে চান তাসনিম জারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

ঢাকা-৯ আসনে (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

ফেসবুক পোস্টে আপিল মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন তাসনিম জারা। তিনি লেখেন, মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।

এর আগে গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। ৫ জানুয়ারি তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

মনোনয়ন বাতিলের কারণ সম্পর্কে তাসনিম বলেছিলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জন ভোটারের তথ্য যাচাই করে ইসি আটজনের সত্যতা পেয়েছে। কিন্তু বাকি দুইজন ভোটার ঢাকা-৯ আসনের নন বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

প্রার্থিতা বৈধ হওয়ার পর এনসিপির এই সাবেক নেত্রী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দিয়েছিলাম, সেটি বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন অবৈধ ঘোষণার পর থেকে আপিল পর্যন্ত সময়কে তিনি ‌‌'অন্যরকম অভিজ্ঞতা' বলে উল্লেখ করেন। তাসনিম বলেন, গত এক সপ্তাহে আসলে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলার সময় অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। আমার লড়াইয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি জোট করায় বিতর্কের জেরে গত ২৭ ডিসেম্বর তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে সরে দাঁড়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত