বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭ বছরে দেশে খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল। আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও জাতীয় বা আন্তর্জাতিক দলে খেলার সুযোগ পাওয়া যেত না।
তিনি বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কিন্তু খেলাজীবন শেষে অবসরে গেলে অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে অর্থকষ্টে দিন কাটাতে হয়। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।
শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মো. বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম ও মো. মামুন।
