মাচাদোর সঙ্গে ট্রাম্পের বৈঠক আগামী সপ্তাহে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০১:২১ এএম

ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কার জয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরে হোয়াইট হাউজে তার সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এই বৈঠকটি হবে ট্রাম্প ও মাচাদোর মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। তাদের এই বৈঠকের ঘোষণা এমন এক সময় এলো, যখন মাত্র এক সপ্তাহের একটু বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের বাহিনী মাচাদোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এর আগে গত বছর নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে আত্মগোপন ছেড়ে বের হয়েছিলেন মাচাদো। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাচাদো আগামী সপ্তাহের কোনো এক সময়ে আসছেন এবং আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। ট্রাম্প আরও জানান, মাচাদো তাকে তার নোবেল শান্তি পুরস্কার দিতে চান, যেটি পাওয়ার আকাক্সক্ষা ট্রাম্প বহুদিন ধরে প্রকাশ করে আসছেন।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভেনেজুয়েলার ভেতরে দেশটির নেতৃত্ব দেওয়ার মতো সম্মান বা সমর্থন মাচাদোর নেই। এরপর তিনি এমন ইঙ্গিতও দেন যে, যুক্তরাষ্ট্র কার্যত বহু বছর ধরে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতে পারে। ট্রাম্প বলেন, দক্ষিণ আমেরিকার দেশটি (ভেনেজুয়েলা), নতুন করে নির্বাচন আয়োজনের অবস্থায় নেই। দেশটিকে পুনর্গঠন করতে হবে আমাদের। এখন তারা জানেই না কীভাবে একটি নির্বাচন করতে হয়। মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, বৈঠকের সময় মাচাদো হয়তো সেই পুরস্কার তাকে তুলে দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি বুঝতে পারছি তিনি সেটা করতে চান। এটা হবে এক বিশাল সম্মান। তবে অসলোতে নোবেল ইনস্টিটিউট স্পষ্ট করে জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তর করা যায় না। নোবেল ইনস্টিটিউটের মুখপাত্র এরিক আসহেইম এএফপিকে বলেন, একটি নোবেল পুরস্কার কখনোই বাতিল করা যায় না এবং অন্যের কাছে হস্তান্তরও করা যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত