কাঁচামালের পোশাকে শুল্ক ছাড় দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির ক্ষেত্রে দেশটি থেকে আমদানি করা সুতা ও কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশ যতটুকু পোশাক তৈরি করে রপ্তানি করতে পারবে, ততটুকুর ওপর দেশটি শুল্ক ছাড় দেবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ারের সঙ্গে শুক্রবার ওয়াশিংটনে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এক আলোচনায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টিকে একটি বড় সাফল্য দাবি করে। এতে বলা হয়, একটি প্রস্তাবিত অগ্রাধিকারমূলক প্রকল্পের অধীনে ‘বর্গমিটার ভিত্তিতে পরিমাপ করে’ যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা এবং কৃত্রিম তন্তু কাঁচামাল হিসেবে বাংলাদেশ আমদানির মাধ্যমে তৈরি করা সমতুল্য বস্ত্র ও পোশাক রপ্তানির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের ওপর মার্কিন প্রশাসনের আরোপ করা ২০ শতাংশ শুল্কহার প্রত্যাহার অথবা কমানোর জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উত্থাপনে সম্মত হন। প্রেসিডেন্ট ট্রাম্প এতে রাজি হলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আরও সহজ ও সামঞ্জস্যপূর্ণ হবে। এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কেও ক্রমবর্ধমান গতি ও সদিচ্ছার প্রতিফলন এবং বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে।

খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র বিভাগের আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী সেক্রেটারি পল কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সমস্যা, বৈশি^ক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন।

হুকার বলেন, যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

ভিসা বন্ড প্রত্যাহারের অনুরোধ : খলিলুর রহমান বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের আমেরিকায় ভ্রমণের ক্ষেত্রে আরোপ করা ভিসা বন্ড প্রত্যাহারের জন্য হুকারের কাছে অনুরোধ জানান। হুকার বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পর্যটকদের ভিসার অতিরিক্ত সময় অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমে এলে বন্ডের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হতে পারে।

আগামী ২১ জানুয়ারি থেকে এ ভিসা বন্ড কার্যকর হওয়ার কথা রয়েছে।

গাজার বাহিনীতে যুক্ত হওয়ার আগ্রহ : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিলিস্তিনের গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের অংশ নেওয়ার নীতিগত আগ্রহের কথা মার্কিন কর্মকর্তা হুকারকে অবহিত করেন। হুকার বলেন, গুরুত্বপূর্ণ এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের শপথ : বাংলাদেশের জন্য ট্রাম্প প্রশাসন মনোনীত নতুন রাষ্ট্রদূত হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ শপথ অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক মো. আরিফুল ইসলাম ও বিশেষ আমন্ত্রণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান শপথের সময় উপস্থিত ছিলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের আগামীকাল সোমবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

শপথের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত