নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেলের বিকট শব্দে আর দেশীয় অস্ত্রের মহড়ায় এলাকাবাসী ঘরের ভেতর দরজা জানালা বন্ধ করে আশ্রয় নেয়। এ সময় উভয় গ্রুপের অন্তত আটজন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে উভয় গ্রুপের আটজনকে আটক করেছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাজা ও হেরোইন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন গ্রুপের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। এ সময় কৌশলে পালিয়ে যায় ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সঙ্গে দীর্ঘ দিন ধরেই এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে শনিবার দুপুর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় গ্রুপের কয়েকশত সন্ত্রাসী হাতে ধারালো ও দেশীয় অস্ত্র আর হাত বোমা নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। একপর্যায়ে বিকেল ৩টার সময় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে অন্তত আটজন আহত হয়। প্রায় ১৫-২০ মিনিট এ সংঘর্ষ চলে। এরপর পুলিশ সেনাবাহিনী র‌্যাবসহ যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধাওয়া করে উভয় গ্রুপের আটজনকে আটক করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, উভয় গ্রুপের আটজনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত