বগুড়ায় ধান খেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 নিহত হামিদুল মণ্ডল ওই গ্রামের মোন্তাজ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ সকালে গ্রামের পাশে জমিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিহত হামিদুল মণ্ডল গতকাল বিকেলে বাজারের উদ্দেশ্যে টাকা কালেকশনে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তিনি গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। 

হামিদুলের দুলাভাই ও প্রতিবেশীরা জানান, ধান ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিনি নিয়মিত বিকেলে বিভিন্ন স্থানে ধানের টাকা সংগ্রহ করতেন। শুক্রবারও একই উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে গ্রামের পাশের জমিতে তার মরদেহ পাওয়া যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত