কক্সবাজারের চকরিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে জয়নাল আবেদীন (৪০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারিক হাকিম মো. আবু হানিফ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. তওহীদুল আনোয়ার।
দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজানের তারাবি নামাজ আদায়ের জন্য ভুক্তভোগীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে গেলে ওই নারী বসতঘরে একা অবস্থান করছিলেন। এ সুযোগে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করেনি। পরে তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ২০১৮ সালের ৮ এপ্রিল আদালত মামলাটি আমলে নেয় এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার আদালত রায় ঘোষণা করেন। বিচারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে অপর আসামি ছমি উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
