বিশ্বের অন্যতম দুই চলচ্চিত্র উৎসব হচ্ছে ফ্রান্সের ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং জার্মানির ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ২০২৫ সালের দুটি ফেস্টিভ্যালেই ব্রাজিলীয় সিনেমা দ্য ব্লু ট্রায়াল ও দ্য সিক্রেট এজেন্ট সেরা পুরস্কার জিতে আন্তর্জাতিক চলচিত্র জগতে জায়গা করে নেয়। এর মধ্যে এক উৎসবেই বিশে^র সবচেয়ে বেশি পুরস্কারজয়ী সিনেমা হচ্ছে দ্য সিক্রেট এজেন্ট।
দ্য ব্লু ট্রায়াল সিনেমায় মানুষ ও প্রকৃতির সম্পর্কের বিষয়টি প্রধান উপজীব্য। আর দ্য সিক্রেট এজেন্টে দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা তুলে ধরা হয়েছে। সিনেমা দুটি বিশ্বব্যাপী স্বীকৃতি ও পুরস্কারের সংগ্রহের পাশাপাশি ব্রাজিলের রাজনৈতিক থিম, সামাজিক বার্তা ও মানবিক গল্প বলার ক্ষমতা কতটা শক্তিশালী হতে পারে তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।
বিশ্বের মানুষ ব্রাজিলকে ফুটবলের দেশ হিসেবেই চেনেন। কিন্তু দেশটি শুধু ফুটবল নয়, চলচিত্র জগতেও বিশ্বসেরার স্থান দখল করে নিয়েছে। দুটি সিনেমা ২০২৫ সালের ফ্রান্সের ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল ও ৭৫তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা পুরস্কার জিতেছে। পুরস্কার পেয়েছে সেরা অভিনেতা ও সেরা পরিচালকের। সিনেমা দুটিতে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও মানবিকতার বিষয়গুলো প্রকাশ পেয়েছে। আর এই সিনেমা বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে ফুটবল জাদুকর পেলে ও নেইমারের দেশ ব্রাজিল শুধু ফুটবল নয়, চলচ্চিত্র জগতেও সেরা। যেটি নিয়ে গর্ব করেন ব্রাজিলীয়রা। ২০২৫ সালের নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩০ এ যোগদান করতে গিয়ে এই খবরটি জেনেছিলাম।
ব্রাজিলের বেলেমের বাসিন্দা জোয়াও পেরেইরা দ্য সিক্রেট এজেন্ট ও দ্য ব্লু ট্রায়াল- এর মতো কাজগুলো দেখায়, সিনেমা কেবল কাহিনি নয়; সিনেমা সমাজ, রাজনীতি, ইতিহাস ও মানুষের অন্তর্দগ্ধ অনুভূতির এক শক্তিশালী ভাষা। এ সিনেমা বলে দেয় ব্রাজিল কেবল ফুটবলের জন্যই বিশ্বব্যাপী পরিচিত নয়, তাদের চলচ্চিত্র বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিজের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরেছে।
জানা গেছে, ২০১২ সালের পর নিয়মিত আন্তর্জাতিক ফেস্টিভ্যালে ব্রাজিলীয় নির্মাণে শক্ত উপস্থিতি লক্ষ করা গেলেও ২০২৫ সাল ছিল তাদের জন্য বিশেষভাবে স্মরণীয়। ওই বছর বিশ্বের অন্যতম দুটি প্রধান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং জার্মানির ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ব্রাজিলীয় সিনেমা সেরা পুরস্কার জিতে আন্তর্জাতিক সিনেমা মানচিত্রে শীর্ষস্থান দখল করে। এর মধ্যে ব্রাজিলীয় সিনেমা দ্য সিক্রেট এজেন্ট ২০২৫ সালের মে মাসে ফ্রান্সে অনুষ্ঠিত ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পুরস্কার অর্জন করে। ওই উৎসবে ১০০-এর বেশি দেশ অংশগ্রহণ করে। উৎসবে ব্রাজিলীয় সিনেমা দ্য সিক্রেট এজেন্ট অর্জন করে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড ‘ক্লেবার মেনঁডোসা ফিলহো’ এবং বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ‘ওয়াগনর মউরা’। একই সঙ্গে সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার হিসেবে বেস্ট ফিল্ম ‘ফিপ্রেস্কি প্রাইজ’ এবং শ্রেষ্ঠত্বের জন্য ‘আর্টহাউজ সিনেমা অ্যাওয়ার্ড’ অর্জন করে। এক উৎসবে দ্য সিক্রেট এজেন্ট বিশে^র সবচেয়ে বেশি পুরস্কৃত সিনেমা হিসেবে বিবেচিত হয়।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আছেন আরম্যান্ডো মারছেলো (ওয়াগনর মউরা) একজন প্রাক্তন প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষক। যিনি ১৯৭৭ সালের ব্রাজিলের সামরিক শাসনের চাপ ও রাজনৈতিক দমনের কারণে পালাতে বাধ্য হন। তিনি সেনাশাসনের ভয়ে সাওপাওলো থেকে রেসিফি শহরে পালিয়ে গিয়ে প্রথমে মনে করেন, এটি তার পরিবার ও ছেলের সঙ্গে পুনর্মিলনের সুযোগ। কিন্তু তিনি দ্রুত বুঝে যান রেসিফিও তার জন্য নিরাপদ নয়। মারছেলোকে তার অতীত ও চলমান রাজনৈতিক ঝুঁকির মধ্যে চলতে হয়। রিসিফিতে তিনি বিভিন্ন প্রতিবাদী ও শরণার্থী ব্যক্তির সঙ্গে মিশে যান, যারা কখনো তাকে সহায়তা করে, কখনো বিপদে ফেলে। তার যাত্রা শুধু নিজের জীবন রক্ষার নয়, বরং সামাজিক ন্যায়, স্বাধীনতা ও মানবিক মর্যাদার গল্প হিসেবে ফুটে ওঠে। এই সিনেমাটি রাজনৈতিক দমন, ইতিহাসের স্মৃতি, আত্মপরিকল্পনা ও সামাজিক সংগ্রামকে দর্শকের সামনে জীবন্ত করে তোলে। সিনেমাটি ২০২৫-এর ‘অস্কার বেস্ট ইন্টান্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ব্রাজিলের সরকারি মনোনয়ন পেয়েছে যা দেশের প্রথম আন্তর্জাতিক অস্কার সাবমিশন হিসেবে ইতিহাস গড়ে।
ব্রাজিলের আরেকটি শক্তিশালী সিনেমা ‘দ্য ব্লু ট্রায়াল’ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জার্মানির ৭৫তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অন্যতম পুরস্কার ‘সিলভার বিয়ার গ্রান্ড জুরি প্রাইজ’ অর্জন করে, যা বার্লিনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। পাশাপাশি সিনেমাটি ‘ইক্যুমেনিক্যাল জুরি প্রাইজ’ এবং ‘মরগেনপোস্ট রিডার’স জুরি অ্যাওয়ার্ড’ এই দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক জুরি ছবির মানবিক ও সামাজিক বার্তা, গল্প বলার শক্তি এবং পরিবেশের প্রতি সচেতনতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। ছবি পরিবেশ, মানুষের সামাজিক অবস্থান ও রাষ্ট্র-ব্যক্তি সম্পর্ককে আবেগ, হাস্যরস ও দার্শনিক গভীরতার সঙ্গে উপস্থাপন করে, যা দর্শকদের মধ্যে মানবিক অনুভূতি ও সমাজ-পরিবেশকেন্দ্রিক প্রশ্ন তুলেছে। ছবিটি কেবল চলচ্চিত্র হিসেবে নয়, পরিবেশ ও সামাজিক সমস্যার মধ্যে মানুষের সম্পর্ক এবং মানবিক বার্তা তুলে ধরায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র ৭৭ বছর বয়সী তেরেজা নামের নারীকে কেন্দ্র করে এক আবেগঘন গল্প। যাকে সরকারি আদেশে শহরের বাইরে সিনিয়র কলোনিতে যেতে বাধ্য করা হয়। ছবিটি তুলে ধরেছে কীভাবে
প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও সমাজের সম্পর্ক ঘনিষ্ঠ। সরকারি নিয়ন্ত্রণ, সামাজিক বিধিনিষেধ এবং মানুষের জীবনের সীমাবদ্ধতা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি প্রকৃতির সঙ্গে সংযোগ ও মানবিক অনুভূতির গুরুত্বও ফুটে উঠেছে।
