সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে দুই শিশুর ঝগড়া ও মারামারির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। উভয় পক্ষ হাঁসুয়া, দা, ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে শাহজাদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জলসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ছেলে নিরবের (১৩) সঙ্গে ইউসুফ ফকিরের ছেলে শিমুলের (১৫) ঝগড়া ও মারামারি হয়। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের সরকার পক্ষ ও ফকির পক্ষের ৫ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রবিবার সকাল ১০টায় সংঘর্ষে লিপ্ত হয়। বেলা ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে সরকার পক্ষের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার ও ফকির পক্ষের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবে না মর্মে মুচলেকা নিয়ে শান্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
