নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন রাশেদুল ইসলাম ও নাজমুল হাসান। পরে দুপুরে রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে। আফজাল হোসেন উপজেলার দক্ষিণবাগ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
রাশেদুল ইসলাম জানান, তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। স্থানীয় আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সখ্য গড়ে সাধারণ মানুষের জমি জবর দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। পওে তিনি জামিনে মুক্তি পান। এ নিয়ে তিনিসহ (রাশেদুল ইসলাম) তার সহকর্মীরা ঘটনার সংবাদ প্রকাশ করে। রবিবার সকাল দুপুরে তিনি সহকর্মী এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানকে নিয়ে দক্ষিণবাগ এলাকায় তার নিজের জমি দেখতে যান।
ওই সংবাদ প্রকাশের জের ধরে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেনসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাশেদুল ইসলাম ও নাজমুল হাসানের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদেও দুজনকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরে অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় সাংবাদিক রাশিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি মামলা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
