এনসিপির ১২ নেতার পদত্যাগের ঘোষণা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ এএম

এবার বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারীসহ ১২ জন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সদর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সাবেক সেনাসদস্য আলী হুসাইন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই পদত্যাগের ঘোষণা দেন। আলী হুসাইন লিখিত বক্তব্যে দল থেকে পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ দেখিয়েছেন। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এনসিপির জন্ম ও পথচলা তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সামাঞ্জস্যতা পরীলক্ষিত হচ্ছে না বলে দাবি করেন। আগামী কয়েক দিনের মধ্যে তাদের এই পদত্যাগপত্র কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়।

গত বছরের ৩ জুন এনসিপির বাগেরহাট সদর উপজেলার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। সেই কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন সাবেক সেনাসদস্য আলী হুসাইন। অন্যরা হলেন যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান। লিখিত বক্তব্যে ১২ জনের নাম থাকলেও উপস্থিত ছিলেন ছয়জন।

লিখিত বক্তব্যে আলী হুসাইন বলেন, গত বছরের ৩ জুন এনসিপির বাগেরহাট সদর উপজেলার দায়িত্ব গ্রহণ করি। সেই থেকে চলতি বছরের আজ ১১ জানুয়ারি (গতকাল) পর্যন্ত ২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এনসিপির জন্ম ও পথচলা তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে অসামাঞ্জস্যতা পরীলক্ষিত হচ্ছে। নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় এনসিপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়।

আমার ব্যক্তিগত ও রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় প্রধান সমন্বয়কারীর পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা করছি।

দায়িত্ব পাওয়া পর দলের নাম ব্যবহার করে হামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাটবাজার দখল, মামলা বাণিজ্যসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকা-ে সম্পৃক্ত হইনি। তাই আজ থেকে এর দায় আমার ওপর বর্তাবে না। এনসিপির ১২ জন সদস্য আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত