১৬ বছরে গুম, খুন ও দমন-পীড়নের মধ্য দিয়ে দেশ শাসন করা হয়েছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সেই অন্ধকার অধ্যায়ে আর ফিরতে না চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তার পক্ষে জোরালো প্রচার চালাতে হবে। এ রাষ্ট্রের মালিক আমরা (জনগণ), আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব।
গতকাল রবিবার সকালে বরিশালের বেলস পার্কমাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ওই সম্মেলনে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে আলী রীয়াজ বলেন, ‘আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে দেশের কল্যাণে সবাইকে গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিতে হবে।’ ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
