ভারত শাসিত জম্মু অঞ্চলে সাম্প্রতিক ‘ড্রোন অনুপ্রবেশ’ নিয়ে ভারত পাকিস্তানকে সতর্ক করেছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, পাকিস্তান থেকে ভারতে ড্রোন প্রবেশের ঘটনায় দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্স।
ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জম্মু সীমান্তে পাঁচটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এছাড়া শুক্রবার পাকিস্তান থেকে আসা আরেকটি ড্রোন দুটি পিস্তল, তিনটি গোলাবারুদের ম্যাগাজিন, ১৬টি গুলি এবং একটি গ্রেনেড ফেলে গেছে, যা পরে উদ্ধার করা হয়।
দ্বিবেদী জানান, শনিবার থেকে অন্তত আটটি ড্রোন লক্ষ্য করা গেছে। তিনি বলেন, ‘এই ড্রোনগুলো সম্ভবত নজরদারি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, যাতে দেখা যায় ভারতীয় সেনাবাহিনী কোথাও শৈথিল্য আছে কি না। এটি হয়তো সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ খুঁজার চেষ্টা।’
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার উভয় পক্ষের সামরিক পরিচালকরা ফোনে কথা বলেছেন। দ্বিবেদী বলেন, ‘ আমরা জানিয়েছি এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এই বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’
ভারতীয় গণমাধ্যমে সেনা কর্মকর্তাদের উদ্ধৃতিতে বলা হয়েছে, অনুপ্রবেশগুলো সামরিক ড্রোনের মাধ্যমে সংঘটিত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
