বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের তিন বাহিনীর যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের তিন বাহিনীরই যোগাযোগ চ্যানেল খোলা রাখা হয়েছে।

এই মুহূর্তে তিনটি বাহিনীই তাদের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যোগ করেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ চলছে। আমরা সেখানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ের সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানও কথা বলেছেন। উদ্দেশ্য একটাই-যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল যোগাযোগ না হয়।

তিনি আশ্বস্ত করে বলেন, তিন বাহিনী যে কার্যক্রম চালাচ্ছে, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে নয়।

ভারত বাংলাদেশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।

বাংলাদেশের সরকার কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, সবার আগে আমাদের বুঝতে হবে বাংলাদেশে কী ধরনের সরকার রয়েছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলো আগামী চার-পাঁচ বছরের জন্য, নাকি চার-পাঁচ মাসের জন্য। সেই অনুযায়ী আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন কি না, তা বিচার করতে হবে।

সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ভারত এটি করছে আবার অন্য দেশগুলোও করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত