চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে আরও ৫৩ জনের আপিল আবেদন মঞ্জুর করেছে ইসি। এ ছাড়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আরও ১৫টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়। তাদের মধ্যে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের আপিল ঋণখেলাপির অভিযোগে নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে ফারহান সাজিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এসব সিদ্ধান্ত দেওয়া হয়। এর আগে ঢাকা ব্যাংকের একটি চিঠিতে টিএস আইয়ুবের নাম সিআইবি তালিকাভুক্ত ঋণখেলাপি হিসেবে উল্লেখ করে তার প্রার্থিতা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়। অন্যদিকে তার ছেলে যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা একজন সমর্থকের স্বাক্ষর না পাওয়ায় বাতিল করেছিলেন। তবে আপিল শুনানিতে ইসি সেই সিদ্ধান্ত বাতিল করে তার প্রার্থিতা বহাল রাখে।

এদিন ইসি ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে। কোম্পানির শেয়ার হস্তান্তরের বিষয়টি বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ প্রযোজ্য নয় বলে মত দেয় কমিশন।

কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক বলেন, ‘আপনারা জানেন আমি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি এক টাকা কারও কাছে ঋণ করিনি। আমি একটা কোম্পানিতে নামমাত্র শেয়ার নিয়ে স্বাক্ষর করেছিলাম, নির্বাচন কমিশন বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।’

চতুর্থ দিনে শুনানিতে জাতীয় পার্টির আরও পাঁচজন প্রার্থীর সব আপিল মঞ্জুর হয়েছে। এখন পর্যন্ত আপিল করা ৩০ জন প্রার্থীর মধ্যে ২৫ প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সন্ত্রাসের কারণে নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। তফসিল ঘোষণার পর ইসি ঘেরাও অবরোধ কর্মসূচি প্রত্যাশিত নয়। তিনি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সমালোচনা করে বলেন, এতে নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া তথ্যগত ভুলের কারণে বাতিল হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আটজন প্রার্থীর মনোনয়নপত্রও আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এদিন আপিল শুনানিতে নোয়াখালী-৫ ও রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা দুটি আপিল আবেদনও নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে ওই দুই আসনের দুজন প্রার্থীর প্রার্থিতা বহাল থাকছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার আপিল শুনানির পঞ্চম দিনে ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিলের শুনানি হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত