ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১-দলীয় জোটের মধ্যে আসন বন্টন সমঝোতায় জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলনে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়েছে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ বলেন, গতকাল রাতে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত শীঘ্রই আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
তিনি আরও বলেন, আজ জামায়াতসহ অন্যান্যরা সংবাদ সম্মেলন ডেকেছে কি না, সে বিষয়ে আমি অবগত নই। তবে আমরা আমাদের গৃহীত সিদ্ধান্ত একটি পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানাব।
অন্যদিকে, ১১-দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বিকাল ৪:৩০।’
প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেবে বলে জানা গিয়েছিল। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে গতরাতেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চেয়েছিল ইসলামী আন্দোলন।
