গণভোটে বিএনপি সংস্কারের পক্ষে: যুবদল সভাপতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

আসন্ন গণভোটে বিএনপি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস মার্কেটের গোধুলী মিলনায়তনে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি আমাদের সবসময় সঠিক দিকনির্দেশনা দিয়েছেন— কখন কী করতে হবে, কীভাবে এগোতে হবে, তা স্পষ্ট করে বলেছেন।’

তিনি আরও বলেন, দেশে ফিরে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন— ‘আই হ্যাভ এ প্লান, উই হ্যাভ এ প্লান’*। সংস্কারের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে এবং বিএনপি শুরু থেকেই সেই সংস্কারের পক্ষেই রয়েছে।

সভায় রাজশাহী বিভাগের যুবদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

সভা শেষে আবদুল মোনায়েম মুন্না রাজশাহী বিভাগের নয়টি সাংগঠনিক ইউনিটের প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে এখনও নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক নিয়ে বিভ্রান্তি সৃষ্টির ঘটনাও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত কুচক্রী মহলের সব ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুন্না বলেন, জুলাই আন্দোলনের সূচনা থেকে চূড়ান্ত সফলতা অর্জনে তারেক রহমানের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাত্র-জনতার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে এক দফা আন্দোলনের দিকে ধাবিত করেন তিনি। এ ক্ষেত্রে যুবদলের প্রতিটি ইউনিটের বড় অবদান রয়েছে।

তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার পিতৃভূমি বগুড়ায় আসতে আগ্রহী। উত্তরবঙ্গ সফর স্থগিত হলেও পর্যায়ক্রমে সফর বাস্তবায়ন হবে। তিনি সিলেট বিভাগ দিয়ে সফর শুরু করবেন এবং ধারাবাহিকভাবে বগুড়াসহ অন্যান্য জেলায় জনসভা করবেন।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারনেটভিত্তিক কাজে তরুণরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, কিন্তু সেই অর্থ দেশে আনতে নানা জটিলতা রয়েছে। এসব সমস্যা সমাধানে পেপ্যালসহ সব ধরনের ডিজিটাল সুবিধা নিশ্চিত করা হবে। বগুড়ার ২০টি পয়েন্টে ইতোমধ্যে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু হয়েছে, আজিজুল হক কলেজেও শিক্ষার্থীরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করছে।

এছাড়া শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, তরুণদের জন্য খেলার মাঠ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন যুবদল সভাপতি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত