চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রনেতাসহ আটক ৩

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম

হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। গত মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন হবিগঞ্জ শহরতলির উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব, একই এলাকার শাহ আলমের ছেলে শিহাব আহমেদ ও নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশাররফ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্সের মালিক শেখ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এনামুল হক সাকিবের নেতৃত্বে কয়েকজন যুবক। বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে যৌথবাহিনী তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শেখ জামাল জানান, ১৫ দিন আগে সাকিব ও তার সাঙ্গপাঙ্গরা মবের ভয় দেখিয়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। গতকাল রাতে সে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন তাদের আটক করে।

হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত