বগুড়া

সাংবাদিক-ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৩

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ডাবলুকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ফুলবাড়ি মধ্যপাড়ার বাসিন্দা (৪২), বগুড়া পৌরসভার ১৮নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক ও  ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাসিন্দা সঞ্জয় সরকার (৩০) এবং শহরের বৃন্দাবন পশ্চিম পাড়া এলাকার শাহিন হোসেন (৩৪)। ইতোপূর্বে গত ১৩ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সঞ্জয় সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দপ্তর সম্পাদক সজল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তাররা জেলার সারিয়াকান্দি পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমকে অপহরণ করে ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেয়। এঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর স্ত্রী মোছা. আনজুমান আরা বাদী হয়ে বগুড়ার সারিয়াকান্দি থানায় একটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়,১২ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শিবগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার ইয়াসির আরাফাতের ডাকে সারিয়াকান্দির কুঠিবাড়ী রোডের একটি উন্নয়নকাজ পরিদর্শনে যান তিনি। কাজ শেষে ফেরার পথে সারিয়াকান্দির কুঠিবাড়ী মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে। অভিযুক্তরা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা আছে দাবি করে জোরপূর্বক মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে বগুড়া শহরের দিকে নিয়ে যায়। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এ খবরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে প্রথমে ১ লাখ ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করেন।   মোট ২ লাখ ১০ হাজার মুক্তিপণ পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে ডিবি কর্মকর্তা ইকবাল বাহার বলেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আমরা দ্রুত তদন্ত করে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। তারা সংঘবদ্ধভাবে ভুয়া সাংবাদিক ও ডিবি পরিচয় দিয়ে অপরাধটি করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত