নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃত যুবক আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪) গাইবান্ধার বল্লমজা এলাকার মো. সিদ্দিক ও নুর জাহান দম্পতির ছেলে। তারা বাশমুলি কালাহাজীর বাড়ীর ভাড়াটিয়া। আলামিনের বাবা সিদ্দিক ওই এলাকায় চায়ের দোকান পরিচালনা করে।

এর আগে বুধবার রাত ৭ টার দিকে কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় ওই হামলার চেষ্টার ঘটনা ঘটে। হামলায় এনসিপির দুজন কর্মী আহত হয়েছেন বলে দাবী করেন নেতাকর্মীরা। আহতরা হলেন, ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২), মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

ঘটনাটির বিষয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, ‘রাত ৭টার দিকে ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরন করতে দেখা যায়। নেতাকর্মীদের তাকে নিয়ে সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এসময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে। ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ঐ যুবক জানায় তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এদিকে হামলার চেষ্টার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে একটি টিম বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে হামলার চেষ্টাকারী যুবক আল আমিনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত