বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান।
উপস্থিত জোটভুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ ৭ দফা দাবির ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন। অনশন কর্মসূচিতে জোটভুক্ত উল্লেখিত সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
