তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানের আগমনের পর ৩টা ৫ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে এই শোকসভা শুরু হয়। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।
শোকসভায় কোনও রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেননি। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেন।
সভায় বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুব উল্লাহ, ইউজিসির চেয়ারম্যান এস এম ফায়েজ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রশংসা করেন। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র দীর্ঘ লড়াই সংগ্রাম করেও টিকেছিল বলে মন্তব্য করেন বক্তারা।
শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পরই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভিড় দেখা যায়।
