‘এবার ট্রাম্পকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’: ইরান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে সরাসরি হুমকি দিয়েছে ইরান। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হত্যা চেষ্টার একটি ভিডিও ক্লিপ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘এবার (গুলি) লক্ষ্যভ্রষ্ট হবে না।’ এমন খবর দাবি করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে ট্রাম্পকে হত্যার ইঙ্গিতপূর্ণ এই বার্তা প্রচার করা হয়েছে। এতে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার ভিডিও দেখানো হয়। ওই হামলায় গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে গেলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত অবস্থায় মঞ্চ থেকে নামার সময় ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরতে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন দেশটিকে গভীর সংকটে ফেলেছে। এই বিক্ষোভ দমনে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের ওই হুমকির জবাব হিসেবেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ভিডিও দেখিয়ে এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি ইরানের সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন।

সম্প্রতি ট্রাম্প একাধিকবার বলেছেন, বিক্ষোভ দমনে ইরানি সরকারের কঠোর অবস্থানের বিপরীতে তিনি ইরানের জনগণের পাশে দাঁড়াতে চান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, চলমান দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

২০২২ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, কেউ যদি তাকে হত্যায় সফল হয়, তবে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার নির্দেশ তিনি তার উপদেষ্টাদের দিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘আমি আগেই নির্দেশ দিয়েছি- তারা যদি এটা করে, তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত