ছোটদের অণুকাব্য ২

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:১১ এএম

ছোটদের জন্য ছোট্ট ছোট্ট ছড়া ছোট্ট একটা বই হলো ছড়াকার দন্ত্যস রওশনের ছোটদের অণুকাব্য ২ বইটি। বইটি আকারে ছোট হলেও তোমাদের জন্য ছড়া কিন্তু কম নেই।

২৫৪ পৃষ্ঠার এই বইয়ে রয়েছে শতাধিক ছড়া। প্রতিটি ছড়ার জন্য রয়েছে আলাদা আলাদা সুন্দর সুন্দর অলংকরণ। ছড়াগুলো ছোট ছোট, রসে ভরা। চার লাইনের দশ-বারো শব্দের এই ছড়াগুলোতে রয়েছে ছোট ছোট গল্প।

যেমন মনে করো, একটি ছড়া ‘মারিয়া/ভিজতে গেছে ছাদে/ওর ছোট ভাই/জানলা ধরে কাঁদে।’

বড় ভাইবোনেরা তো এমন করেই, তাই না? ছোটদের বেলায় যত নিষেধ।

আবার মনে করো, আরেকটি ছড়া, বাবার মতো/ আমি হব বড়/ বলব বাবা/ বসে অঙ্ক করো। সারাক্ষণ পড়া কি কারও ভালো লাগে? তখন মনে হয় না বাবা-মাকেই পড়তে বসিয়ে দেই?

ছড়াগুলো পড়লে অনেক কিছুই তোমার নিজের সঙ্গে মিলে যাবে। আর পড়তে পড়তে এমন মজার ঘটনা নিয়ে কীভাবে ছড়া লিখতে হয় তাও হয়তো শিখে যাবে।

ছড়ার সঙ্গে যে অলংকরণগুলো রয়েছে সেগুলোও একদম তোমার মনের মতো। তোমরা আঁকার ক্লাসে যেমন ছবি আঁকো তেমন। সেগুলো দেখে তোমারও অমন ছবি আঁকতে ইচ্ছে হবে।

বইটি তোমাদের খুব ভালো লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত