গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। তিনি বলেছেন, ‘পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো হ্যাঁ-এর পক্ষ নেয়, কখনো না।’
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন প্রেস সচিব ।
এরপর তিনি আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার শরিফ জিয়ারত করেন।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেমসহ মাজারের পরিচালনা কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য দানব না হয় সে জন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন যে, তারা (বিগত সরকার) ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটে চেটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।
নির্বাচন খুব ভালোভাবে হবে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল উৎসবমুখর নির্বাচন হবে। যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা করা হয়েছে। নিরাপত্তার প্রস্তুতি শেষ। রিটার্নিং, পোলিং অফিসারসহ অন্যান্য কার্যক্রমও শেষ।
ভোট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়ে শফিকুল আলম বলেন, ‘রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারও প্রতি পক্ষপাতিত্ব নেই।’
যমুনায় তারেক রহমানের পরিবার নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘অনেকে বলছেন ডিনার হয়েছে। এটা ডাহা মিথ্যা। এটি ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। এখানে আমাদের অফিশিয়াল কেউ ছিলেন না।’
