জামায়াত আমিরের বক্তব্যে অসংগতি নেই : মামুনুল হক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

যে তিন কারণ দেখিয়ে ১১-দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন, তার মধ্যে একটি হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রচলন করবে না। তবে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না বলে খ্রিস্টান সম্প্রদায়কে জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া আশ্বাসের বক্তব্যে কোনো অসংগতি দেখছেন না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মামুনুল হক বলেন, ‘জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে। এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই শরিয়াহ আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটিই জামায়াত আমির বলেছেন। এ কথার মধ্যে কোনো অসংগতি নেই।’ গতকাল শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, ষড়যন্ত্র আছে এমনটা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়। ইসলামী আন্দোলনের সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল। সেই অঙ্গীকার থেকে সরে যায়নি দলগুলো। তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না।

তিনি জানান, সমঝোতা হওয়া আসনগুলোয় যে দলের প্রার্থী থাকবেন, তিনি বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। ঐক্যবদ্ধভাবে সেটি প্রত্যাহার করা হবে।

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে ১০ দলের মধ্যে থাকা ইসলামপন্থি দলগুলো ঠিক পথে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দল ঠিক পথেই আছে। সবার অনুভূতি এক হয় না। অন্যের অনুভূতিকে শ্রদ্ধা জানায় আমাদের দল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত