নাটোরে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির জেলা কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে মানববন্ধন, চক্রান্তমূলক, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টায় সিংড়া উপজেলার ফেরিঘাট এলাকায় অবস্থিত এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জুলাই যোদ্ধা ও সিংড়ার বিপ্লবী জনতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ জানুয়ারি নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু মনোনয়ন পান। এরপর ১৬ জানুয়ারি বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করা হয়। পরদিন ১৭ জানুয়ারি একই ব্যানারে নাটোরে সংবাদ সম্মেলন করা হয় এবং সর্বশেষ রোববার দুপুর সাড়ে ১২টায় নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির সদস্য সচিব মো. মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০ দলীয় জোট প্রার্থী প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরির অংশ হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মন্ত্রীদের সঙ্গে ছবি তুলতে হয়েছে। এসব ছবি ব্যবহার করে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে।

তিনি আরও বলেন, জার্জিস কাদির বাবু জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা। তিনি রাজশাহীতে সরাসরি উপস্থিত থেকে আন্দোলনে অংশ নিয়েছেন, যার ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে। তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ সোহেল রানার পিতা মো. মতলেব, আহত জুলাই যোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা তানভীর আহমেদ, মো. শান্ত মুন্সি, মেহেদী হাসান, মো. হুজায়ফা, মো. সাব্বির হোসেনসহ অন্যান্যরা।

সবশেষে বক্তারা জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত