সারদায় স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশকে প্রার্থী থেকে সুবিধা না নেওয়ার নির্দেশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা এবং আইনের শাসন নিশ্চিত করা। আসন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে ইতিহাসের সেরা একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা অনেকটাই মাঠপর্যায়ের পুলিশের আচরণের ওপর নির্ভর করে। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তিপ্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। কোনো প্রার্থী বা প্রার্থীর লোকদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করার এমনকি তাদের কাছ থেকে কিছু খাবার গ্রহণ না করার আহ্বান জানান। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে এবং জনগণের বিশ্বাস নষ্ট করে। কোনো পুলিশ সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য দায়িত্বচ্যুত হয়, তবে সে রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেয়। অন্যায় আদেশ বা পক্ষপাতমূলক কর্মকা-ে অংশ নেওয়া যাবে না।

সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী বিপিএম।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জন ছাড়াও ২৮তম বিসিএস এর ১ জন, ৩৫তম বিসিএসের ৩ জন, ৩৬তম বিসিএসের ১ জন, ৩৭তম বিসিএসের ২ জন এবং ৪০তম বিসিএসের ২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

দেশে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে, কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জঙ্গিবাদ ও চরমপন্থি আগের তুলনায় অনেক কমেছে। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। তবে, ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তারা অন্য দেশে অবস্থান করছে। অন্য দেশে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট জঙ্গিগুলোকে ফেরত এনে আইনের মুখোমুখি করতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত