ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।
এর আগে গতকাল তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ের সামনে ঘেরাও ও অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। নির্বাচন ভবনের সামনে ও আশপাশের এলাকায় শত শত ছাত্রদল নেতাকর্মী অবস্থান নেন। ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে রাস্তায় বসে পড়ে বিভিন্ন সেøাগান দেন তারা। কর্মসূচিকে কেন্দ্র করে ইসি কার্যালয়ের আশপাশে পুলিশ, র্যাব, নৌবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। মোতায়েন করা হয় রায়ট কার ও জলকামান।
তিন দফার বিষয়ে ছাত্রদলের নেতারা জানান, পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এ তিন দাবিতে তারা কর্মসূচি পালন করছে।
ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদলের সভাপতি বলেন, সকাল থেকে কয়েক হাজার নেতাকর্মী অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পোস্টাল ব্যালট ইস্যুটি অত্যন্ত গুরুতর হওয়ায় নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে, তারা ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার ইসি ভবনে এসে বিভিন্ন সিদ্ধান্ত প্রভাবিত করেছে এ বিষয়টিও আমরা তুলে ধরেছি। কমিশন জানিয়েছে, ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক থাকবে।
তিনি বলেন, আজকের (গতকাল) মতো আমাদের ঘেরাও ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (আজ) বেলা ১১টা থেকে আবারও এ কর্মসূচি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
