বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়া দেশের সকল চিন্তার মানুষকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই ১৯৭১ সালে জাতির চরম ক্রান্তিলগ্নে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সেদিনের মেজর জিয়ার এক ঘোষণাতেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্টের জন্ম হয়।
নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সদস্য সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান, আহ্বায়ক কমিটির সদস্য রুপচান।
