জাবির ১৮ শিক্ষার্থী ডিউক অব এডিনবার্গ স্বর্ণপদকে ভূষিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ- এর ১০ম গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

প্রায় ১৮ মাসব্যাপী ধারাবাহিক এই কার্যক্রমের  মধ্যে ছিল মাঠভিত্তিক কাজ, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান ব্যবহার করে পরিবেশ সংরক্ষণ, কমিউনিটি উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন করেন।

ডিউক অব এডিনবার্গ স্বর্ণপদক অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থীরা হলেন তাজরিয়ান, মাইমুনা, ইসমিহা, নিলয়, ইম্রিতা, ফারদিন, তাহিয়া, শিমি, উপমা, মারিয়া, ফাহিম ও মানফুসা।

এছাড়া আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী মো. মুসা ভূঁইয়া ও মো. ইয়াসিন খন্দকার এবং একই বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী শরমিলা ইসলাম পিউ, শফিকুল হাসান শাওন ও শাহেদুজ্জামান যুবরাজ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সাজিদ হাসান ফারহান এই স্বীকৃতি অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী সাজিদ হাসান ফারহান বলেন,‘ডিউক অফ এডিনবার্গ- গোল্ড এ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। প্রায় ১৮ মাসব্যাপী এই যাত্রায় সামাজিক সেবা, নতুন দক্ষতা অর্জন, শারীরিক বিনোদনমূলক কার্যক্রম, দুঃসাহসিক ভ্রমণ ও আবাসিক প্রজেক্টের মাধ্যমে এই এ্যাওয়ার্ড আমাকে নিজেকে চিনতে ও সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করেছে। ছাত্রত্ব থাকাকালীন ১৪-২৪ বছর বয়সের মধ্যে সবারই এমন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত