রাঙ্গামাটিতে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। গত রবিবার বিকেলে বিএনপি রাঙ্গামাটি জেলা কার্যালয়ে এনসিপি রাঙ্গামাটি জেলার সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ও জুরাছড়ি উপজেলা এনসিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা বিএনপির নেতারা। এ সময় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওনারা বিএনপিতে যোগদান করেছেন, তাই আমি তাদের অভিনন্দন জানাই। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই আস্থা রাখছেন তারা।
