ভিন্ন লুকে দৃষ্টি কাড়ছেন জয়া

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

অভিনয় দক্ষতা আর রুচিশীল সৌন্দর্যের এক অনন্য সমন্বয়ের নাম জয়া আহসান। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন পোশাক প্রতিটি লুকেই জয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য আলাদা করে চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিজেকে নতুন নতুন রূপে উপস্থাপন করেন তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোশুটের ছবি দিয়ে নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন। 

ফেসবুকে একগুচ্ছ শাড়ি পড়া ছবি শেয়ার করেছেন জয়া আহসান। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের দৃষ্টি কাড়ে এবং নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তার ব্যতিক্রমী লুক। ছবিগুলোতে জয়াকে দেখা যায় গাঢ় ম্যাজেন্টা রঙের শাড়িতে সোনালি রঙের কারুকাজ ও সবুজ-সোনালি পাড়ের কাজ শাড়িটিকে দিয়েছে এক রাজকীয় আবহ। শাড়ির দীর্ঘ আঁচল মাটিতে ছড়িয়ে পড়া ভঙ্গিতে পুরো লুকটিকে করেছে আরও নান্দনিক। এর সঙ্গে তার পরনের গাঢ় নীল রঙের ব্লাউজে আয়না ও জরির কাজ স্পষ্টভাবে তুলে ধরেছে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের ছাপ। 

ভারী গয়না, নাকে বড় নথ আর কপালে টিকলি সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক ধরনের রাজকীয় আভিজাত্য। সাধারণত এমন ঐতিহ্যবাহী লুকেই জয়ার সৌন্দর্য নিয়ে আলোচনা বেশি হয়। পুরোনো কোনো বাড়ি বা ঐতিহাসিক স্থাপনার পটভূমিতে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স। অনেকেই মনে করছেন, সময়ের পরিবর্তন হলেও জয়ার আবেদন ও অনুভূতির গভীরতা আজও একই রকম। যদিও কেউ কেউ ছবিতে তার বয়সের ছাপ কিছুটা দৃশ্যমান বলেও মন্তব্য করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত